সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার, কোনো নির্বাচনেই ব্যবহার হবে না ইভিএম
সারাদেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ধাপে সদর উপজেলার ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। যদিও অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।
এদিকে নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে ছয় বছর বয়স থেকেই ব্যক্তির যাবতীয় তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে কাজ করার কথা জানান তিনি।
নির্বাচনের ধাপ, ভোটগ্রহণ পদ্ধতি এবং নাগরিকদের তথ্য সংরক্ষণের এই পরিকল্পনা নিয়ে নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।