ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ মোঃ ফারুক মিয়া (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতার ফারুক মিয়ার বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি মামলা রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের দিকনির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ রোমনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ঈশ্বরগঞ্জ থানার এসআই (নিঃ) উমর ফারুক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার ২ নম্বর সোহাগী ইউনিয়নে অভিযান চালান। অভিযানে ১৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা এবং ৩ গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা—সর্বমোট ৩৪ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ সময় বগাপুতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানকালে পুলিশের একটি দল প্রায় এক মাইল দৌড়ে তাকে আটক করে। এ অভিযানে এসআই উমর ফারুকের নেতৃত্বে এএসআই শাহআলমসহ পুলিশের কয়েকজন সদস্য অংশ নেন।
পুলিশের রেকর্ড পর্যালোচনায় ফারুক মিয়ার বিরুদ্ধে ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরগঞ্জ থানায় আটটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি মামলায় চার্জশিট দাখিলের তথ্যও রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঈশ্বরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের দাবি, ফারুক মিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।