মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ভয়েস অফ কিশোরগঞ্জ। এর অংশ হিসেবে বড়ভিটা বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন সংগঠনটির সদস্যরা।
গতকাল আনুষ্ঠানিক পথযাত্রার মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম শুরু হওয়ার পর আজ বাদ মাগরিব এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ উপজেলার ১ নম্বর বড়ভিটা ইউনিয়নের প্রাণকেন্দ্র বড়ভিটা বাজারের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে মাদকের কুফল এবং এর সামাজিক ক্ষতিকর প্রভাব তুলে ধরে সচেতনতামূলক লিফলেট পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।
আয়োজকদের মতে, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে ভয়েস অফ কিশোরগঞ্জ টিম।