এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীর পরীক্ষা আগামী এক মাসের মধ্যে আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান একটি বছর যেন নষ্ট না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশসংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
শিক্ষামন্ত্রী বলেন, সাত থেকে ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হলেও এতে শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি থাকতে পারে। আবার বেশি সময় নেওয়া হলে উচ্চশিক্ষায় ভর্তি কার্যক্রম পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে এক মাসের মধ্যে পরীক্ষার আয়োজন করা হবে।
তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য নিয়মাবলি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে জানানো হবে।