পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নিহত ও আহত ব্যক্তিরা সোনাপাতিল বিলে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল (২২), শাজাহানের ছেলে মিজান (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
এ ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ছয়জনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
একসঙ্গে ছয়জনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।