ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের কাজেরল্লা গ্রামের উদীয়মান কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে মুন্নি আক্তার নামে এক তরুণীকে বিয়ে করে শারীরিক নির্যাতন এবং পরবর্তীতে তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নবীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মুন্নি আক্তার নবীনগর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে তার অভিযোগ তুলে ধরেন এবং বিষয়টি অনুসন্ধান করে অসহায় নারীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ভুক্তভোগী মুন্নি আক্তারের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ইউসুফ রায়হানের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় দুই বছর ধরে তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসার করে আসছেন।
মুন্নি আক্তারের অভিযোগ, প্রায় তিন মাস আগে তারা নবীনগর পৌর এলাকার বেলজিয়াম ভবনের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সম্প্রতি ইউসুফ রায়হান তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন এবং পরবর্তীতে তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন। নবীনগরে তার কোনো আত্মীয়-স্বজন বা পরিচিতজন না থাকায় বর্তমানে তিনি চরম বিপাকে পড়েছেন বলে জানান।
মুন্নির আরও অভিযোগ, ইউসুফ রায়হান এর আগেও একাধিক বিয়ে করেছেন।
অন্যদিকে, মুঠোফোনে যোগাযোগ করা হলে ইউসুফ রায়হান মুন্নি আক্তারকে বিয়ে করার বিষয়টি অস্বীকার করেন। তিনি মুন্নিকে স্ত্রী নয়, ‘কাজের মেয়ে’ বলে দাবি করেন।
তবে স্থানীয় সূত্রের দাবি, এর আগে কয়েকজন সাংবাদিক পেশাগত কাজে ইউসুফ রায়হানের বাসায় গেলে তিনি মুন্নি আক্তারকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। পরবর্তীতে এ বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান বলে সূত্রটি জানায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মুন্নি আক্তার তার ওপর কথিত নির্যাতনের সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা এবং ন্যায়বিচার দাবি করেছেন।