শিশু সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তায় অবদানের স্বীকৃতি হিসেবে International Children’s Peace Prize 2026-এর জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন সিলেটের ওসমানীনগরের তরুণ উদ্যোক্তা ও সামাজিক সংগঠক জাহেদ আল-হাসান।
তাঁর প্রতিষ্ঠিত শিশু সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তাবিষয়ক উদ্যোগ iSafe BD-এর বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে এ মনোনয়ন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা KidsRights-এর ওয়েবসাইটে ২০২৬ সালের মনোনীতদের তালিকায় জাহেদ আল-হাসানের প্রোফাইল প্রকাশ করা হয়েছে।
মাত্র ১৭ বছর বয়সে শিশুদের ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কাজ শুরু করেন জাহেদ। iSafe BD-এর মাধ্যমে সাইবার বুলিং, অনলাইন হয়রানি, প্রতারণা ও অনলাইন শোষণ থেকে শিশু-কিশোরদের সুরক্ষায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন তিনি।
এ ছাড়া নিখোঁজ শিশুদের দ্রুত শনাক্ত ও তাদের তথ্য ছড়িয়ে দিতে Digital Missing Child Alert System তৈরির উদ্যোগ নেন জাহেদ। KidsRights-এর তথ্য অনুযায়ী, শিশুদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তিনি ২০টিরও বেশি স্কুল ও কলেজে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।
শিশু সুরক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্টের ওসমানীনগর ইউনিটের সঙ্গে কাজ করার পাশাপাশি ২০২৪ সালের বন্যায় নিজস্ব অর্থায়নে বন্যার্ত ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দেন।
স্থানীয় উদ্যোক্তাদের নিয়েও কাজ করেছেন জাহেদ। ২০২৪ ও ২০২৫ সালে ওসমানীনগর উদ্যোক্তা মেলা আয়োজনের সঙ্গে যুক্ত থেকে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ তৈরিতে ভূমিকা রাখেন।
প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতেও রয়েছে তাঁর কার্যক্রম। National Tech Award 2024-এ ‘Teen Freelancer’ হিসেবে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি International Digital Business Award 2025-এও পুরস্কৃত হয়েছেন তিনি।
শিশু নিখোঁজ অ্যালার্ট ও সাইবার নিরাপত্তায় iSafe BD-এর কার্যক্রমের জন্য Star Bangladesh Award 2025-এও উদ্যোগটি স্বীকৃতি পেয়েছে।
KidsRights-এর প্রোফাইলে জাহেদের কাজের প্রধান ক্ষেত্র হিসেবে Child Protection, Children with Disabilities এবং Digital Safety উল্লেখ করা হয়েছে।
ওসমানীনগর থেকে শুরু হওয়া iSafe BD-এর কার্যক্রম আরও বিস্তৃত করে শিশুদের নিরাপত্তা, ডিজিটাল সচেতনতা ও অধিকার নিয়ে কাজ করে যেতে চান জাহেদ আল-হাসান।