প্রেমের টানে ও বিয়ের দাবিতে কীটনাশকের (বিষ) বোতল হাতে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন দুই সন্তানের জননী এক নারী। বুধবার (১২ আগস্ট ২০২৬) ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৈলানপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে এক নারীর অনশনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আশঙ্কাজনক অবস্থায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া ওই নারীর নাম শরীফা বেগম (২০)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার আতোর মিয়ার মেয়ে। অন্যদিকে প্রেমিক রুবেল মাতুব্বর (৪০) নগরকান্দা উপজেলার পৈলানপট্টি এলাকার মুহাম্মদ মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শরীফা ও বিবাহিত রুবেলের মধ্যে গত প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। পূর্বে শরীফার বিয়ে হলেও পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ ঘটে। তাঁর দুটি সন্তান রয়েছে। বুধবার দুই সন্তানকে রেখে কীটনাশক সঙ্গে নিয়ে বিয়ের দাবিতে পৈলানপট্টি এলাকায় রুবেলের বাড়িতে হাজির হন ওই নারী। তবে ঘটনার পর থেকেই প্রেমিক রুবেল মাতুব্বর গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
কীটনাশক নিয়ে প্রেমিকের ঘরে নারীর উপস্থিতির খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, “সংবাদমাধ্যমে ও স্থানীয়ভাবে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রকৃত সত্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”