লক্ষ্মীপুরের কমলনগরে একটি কমিউনিটি ক্লিনিকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার পাটোয়ারীর হাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত আবুয়াল হোসেন তালুকদার কমিউনিটি ক্লিনিকে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে এ চুরির ঘটনা ঘটে।
ক্লিনিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) কামরুল আহসান প্রতিদিনের মতো ক্লিনিকে গিয়ে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে সবকিছু এলোমেলো দেখে তাৎক্ষণিক বিষয়টি স্থানীয়দের জানান। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা ক্লিনিকের ভেতর থেকে চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ সরঞ্জাম, একটি ল্যাপটপ, আইপিএসের ব্যাটারি, ওয়াইফাই রাউটার ও অনুসহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। তবে চুরি হওয়া মালামালের সঠিক তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।
এ বিষয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান গভীর দুঃখ প্রকাশ করে বলেন, “কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও ব্যথিত করার মতো। আশা করি প্রশাসন দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনবে।”
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, চুরির ঘটনার ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।