বগুড়ার শিবগঞ্জে এক বৃদ্ধা পথচারীকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী প্রাডো গাড়ি। এ সময় গাড়িতে থাকা প্রতিমন্ত্রী এবং তাঁর স্ত্রী নাজমা আরা বারী আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে জয়পুরহাটের কালাই উপজেলায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী। পথে কিচক ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ ফিরোজা বেগম (৫৫) নামের এক নারী পথচারী রাস্তার ওপর চলে আসেন। তাঁকে রক্ষা করতে গিয়ে চালক হঠাৎ ব্রেক কষলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কৃষি জমিতে উল্টে পড়ে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী ও বডিগার্ডকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে তাঁদের জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সামান্য আহত হয়েছেন এবং তাঁরা আশঙ্কামুক্ত।
অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী ফিরোজা বেগমকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।