খুলনার ডুমুরিয়ায় দীর্ঘদিনের ভাঙাচোরা ও খানাখন্দে ভরা শাহপুর–দৌলতপুর সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কটির থুকড়া থেকে বাইপাস রেললাইন পর্যন্ত অংশ সংস্কারে প্রায় ৫ কোটি ২৪ লাখ টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংস্কারকাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির আশা করছেন স্থানীয় বাসিন্দারা
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় ডুমুরিয়ার আমভিটায় মেসার্স মুন্না এন্টারপ্রাইজের সামনে সড়কটির সংস্কারকাজের উদ্বোধন করা হয়। খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবীর প্রচেষ্টায় এ বরাদ্দ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। উদ্বোধন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙাচোরা অবস্থা ও খানাখন্দের কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন এ পথে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনচালকদের জন্য ভোগান্তি ছিল নিত্যদিনের সঙ্গী। সড়কটি সংস্কার হলে যাতায়াতব্যবস্থা উন্নত হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা করছেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থুকড়া থেকে বাইপাস রেললাইন পর্যন্ত সড়ক সংস্কারকাজের ঠিকাদারি পেয়েছে খুলনার নুর কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির পক্ষে কাজটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন ওহিদুজ্জামান রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল রব আকুঞ্জী, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম বাবুলু.
উপজেলা কৃষক দলের সভাপতি বি এম আইয়ুব আহমেদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নীল উৎপল মণ্ডল এবং সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এ [নাম অসম্পূর্ণ]সহ স্থানীয় নেতাকর্মীরা।
সংস্কারকাজ সম্পন্ন হলে শাহপুর–দৌলতপুর সড়কে চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।