তীব্র গরমের মধ্যে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জুবায়ের তামিম। বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ নাগরিক সেবার নানা ক্ষেত্রে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হলেও কার্যকর সমাধানের উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ তোলেন তিনি।
পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে জুবায়ের তামিম বলেন, “তীব্র গরমে মানুষ যখন একটু স্বস্তির জন্য বিদ্যুতের দিকে তাকিয়ে থাকে, তখন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে। বেশি কিছু না—সন্ধ্যা ৭টা থেকে ভোর ৭টা পর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং হয়েছে। এমন পরিস্থিতিতে নিজের বাসাতেই আয়নাঘরের মতো মনে হয়।”
তিনি উল্লেখ করেন, লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের পাশাপাশি শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সরকারের নীতি ও প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি আরও বলেন, বিদ্যুৎ, গ্যাস, নিরাপত্তা ও ন্যায়বিচার কোনো দয়া বা অনুগ্রহ নয়, এগুলো জনগণের অধিকার। রাজনৈতিক বক্তব্য ও প্রতিশ্রুতির বাইরে এসে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সংকট নিরসনে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।