দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে দ্রুতগামী বাসের ধাক্কায় শেফা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শেফা মনি ফুলবাড়ী পৌরসভার উত্তর সুজাপুর এলাকার ইস্তামুলের দ্বিতীয় সন্তান। সে স্থানীয় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে রাস্তা পার হয়ে স্কুলে যাচ্ছিল শেফা মনি। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি মেইল বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় ও পথচারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।