ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রম পরিচালনা করেছে সামাজিক সংগঠন ‘আলোকিত মেহেরদিয়া’। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টায় সংগঠনের ১০ সদস্য পুরাপাড়া-নগরকান্দা সড়কের মেহেরদিয়া মোড় থেকে পুরাপাড়া বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে এ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় সড়কের দুই পাশের ঝোপঝাড়, অপ্রয়োজনীয় গাছপালা এবং পিচঢালা সড়কের পাশে জমে থাকা মাটি ও বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এতে সড়কের দুই পাশের চলাচলের জায়গা কিছুটা প্রশস্ত হয়েছে। পাশাপাশি ঝোপঝাড় পরিষ্কারের ফলে মশার প্রজননস্থল কমানো ও ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।
কার্যক্রমে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শাকিল। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. জীবন সরদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মতিউর রহমান এবং সদস্য মো. তাইজুল, সামিউল, রিফাত, আমিন, আবদুল, সিফাত ও পারভেজসহ অন্যরা।
কাজী শাকিল বলেন, এলাকার পরিবেশ উন্নয়ন, রাস্তা পরিষ্কার রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখা হবে।
এ সময় পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের কোষাধ্যক্ষ তারিকুর রহমান অঙ্কনসহ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা সংগঠনটির স্বেচ্ছাশ্রমভিত্তিক উদ্যোগের প্রশংসা করেন।
আলোকিত মেহেরদিয়া এর আগেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। কৃষকদের জন্য মাঠে টিউবওয়েল স্থাপন, স্বেচ্ছায় রক্তদান ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে সংগঠনটির সদস্যরা অংশ নিয়ে আসছেন।
স্থানীয়দের মতে, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসাধারণের চলাচলের পথ সুগম করার এ ধরনের উদ্যোগ সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।