সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে শাখা সংগঠনগুলোর কার্যক্রমকে উৎসাহিত করতে নিসচার ১১তম মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ স্বীকৃতি দেওয়া হয়।
দিনাজপুর জেলার প্রথম কোনো শাখা সংগঠন হিসেবে নিসচা ফুলবাড়ী উপজেলা শাখা এই বিশেষ সম্মাননা অর্জন করল।
গত ১০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে নিসচার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়ের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সড়ক নিরাপত্তা আন্দোলনের পথিকৃৎ ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা ইলিয়াস কাঞ্চন, সংগঠনের মহাসচিব লিটন এরশাদসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মাননা প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করে নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ জানান, এই স্বীকৃতি তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে চালক, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সচেতনতা তৈরিতে তাদের সমাজসেবামূলক এ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।