নেত্রকোনা পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১৭ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
সভায় নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ড. মো. আনোয়ারুল হক, জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান (এড.), পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং নেত্রকোনা পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় পৌর এলাকার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্বিক অবকাঠামোগত মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, গৃহীত প্রস্তাবসমূহের বিপরীতে আগামী তিন মাসে কতটুকু অগ্রগতি সাধিত হয়েছে, তা পর্যালোচনা করতে তিন মাস পর আবারও অনুরূপ মতবিনিময় সভার আয়োজন করা হবে।