খুলনা শহরকে পরিকল্পিত নগরায়ণ ও প্রশাসনিক জবাবদিহিতার আওতায় এনে জনদুর্ভোগ নিরসনের দাবিতে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র নজরুল ইসলাম মঞ্জুর কাছে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৭ আগস্ট) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) খুলনা মহানগর সদস্য সচিব রবিউল ইসলাম রবি মল্লিক নগরবাসীর পক্ষ থেকে মেয়রের উদ্দেশ্যে এই খোলা চিঠি প্রকাশ করেন।
চিঠিতে কেসিসির লোকদেখানো ডেঙ্গু ও পরিচ্ছন্নতা অভিযান বন্ধ করে পেশাদার কোনো প্রতিষ্ঠানকে ড্রেন-নালা পরিষ্কারের দায়িত্ব দেওয়ার জোর দাবি জানানো হয়। পাশাপাশি অপরিকল্পিত উন্নয়নের কারণে শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা, আমলাতান্ত্রিক দুর্নীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবক্ষয়ের কথা তুলে ধরা হয়।
খোলা চিঠিতে এনডিএম নেতা রবিউল ইসলাম অভিযোগ করেন, শুধু সড়ক বাতি বসিয়ে শহরের ছিনতাই, চাঁদাবাজ ও অপরাধীদের দৌরাত্ম্য থামানো সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জিরো টলারেন্স নীতি। এছাড়া ফুটপাত দখল মুক্ত করা, অটো-সিএনজির বিশৃঙ্খলা রোধ এবং ঝুলে থাকা ‘ফুলতলা টু রূপসা’ বাস সার্ভিস অবিলম্বে চালুর দাবি জানানো হয়।
চিঠিতে মেয়র মঞ্জুকে সতর্ক করে বলা হয়, কেসিসির ভেতরে লুকিয়ে থাকা অসৎ সিন্ডিকেট নগর সংস্কারে বড় বাধা। এই সিন্ডিকেট উচ্ছেদ করতে না পারলে সিটি কর্পোরেশনের কাঙ্ক্ষিত সেবা সাধারণ মানুষ পাবে না। তাই নগর পরিচালনায় কোনো ঘাটতি থাকলে তা দক্ষ ও পেশাদারদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান এনডিএম নেতারা।