তরুণ প্রজন্মকে দায়িত্বশীল, নীতিবান ও জনবান্ধব রাজনৈতিক নেতৃত্ব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে খুলনায় ‘উদীয়মান রাজনৈতিক নেতৃত্বের আচরণ’ শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেলে নগরীর সোনাডাঙ্গার নবপল্লী কমিউনিটি সেন্টারে জাতীয় ছাত্রশক্তি, খুলনা মহানগর শাখার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় দেশের বিদ্যমান নতুন রাজনৈতিক বাস্তবতায় তরুণ ও ছাত্র নেতৃত্বের সঠিক আচরণ, নীতি-নৈতিকতা, সামাজিক শিষ্টাচার এবং দায়িত্বশীলতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির প্রচার সম্পাদক জুবায়ের হোসেন, ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক ওয়াহিদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মোহাম্মদ শুভ।
এছাড়া খুলনা মহানগর যুবশক্তি ও এনসিপির সিনিয়র সংগঠকরা উপস্থিত থেকে তরুণদের দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ প্রদান করেন।
আলোচকরা তাঁদের বক্তব্যে বলেন, “একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হলে তরুণ নেতৃত্বকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজেদের আচরণ ও কঠোর নৈতিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জনবান্ধব ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই দেশ পরিবর্তনের প্রধান হাতিয়ার।”
উক্ত কর্মশালায় জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি, এনসিপি ও জাতীয় নারীশক্তির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ খুলনা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।