নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে (৪৫) নৃশংসভাবে হত্যার দায়ে স্বামী মো. মোক্তার আলীকে (৪৭) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মোক্তার আলী নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর বাড়ির টেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে।
আদালতের নথিসূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ নভেম্বর রাতে নিজ বাসায় খুন হন ফাতেমা আক্তার রেখা। পরদিন সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদনে নিহতের মাথার পেছনে ও মুখে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়।
ঘটনার পর দিনই নিহতের মা সাজেদা বেগম বাদী হয়ে জামাতা মোক্তার আলীকে একমাত্র আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ আসামিকে গ্রেপ্তার করলে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এই চূড়ান্ত রায় প্রদান করেন।