নড়াইল সদর চৌরাস্তা মোড়ে ভেজাল খাদ্য, মেয়াদোত্তীর্ণ আটা, বিষাক্ত কেমিক্যাল রং ব্যবহার ও ওজনে কম দেওয়ার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে আল আমিন কনফেকশনারি ও মাহামুদা বেকারিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান দুটিতে তদারকির সময় খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ আটা ব্যবহার, বিষাক্ত কেমিক্যাল রং প্রয়োগ এবং ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সপ্তাহেও প্রতিষ্ঠান দুটির মালিকদের সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়েছিল। এরপরও একই ধরনের অনিয়মের অভিযোগ ওঠায় পুনরায় অভিযান চালানো হয়।
জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলা, পণ্যের মেয়াদ যাচাই এবং সঠিক ওজন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।