নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্ত ঘেঁষা ঐতিহাসিক আলতাদীঘির পূর্ব পাড়ে বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের এক ব্যতিক্রমী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১৭ আগস্ট) বেলা ১০টা থেকে মধ্যাহ্ন পর্যন্ত নবনির্মিত মিলনায়তনে আয়োজিত এ সভায় জেলার ১১টি উপজেলার বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভায় ‘জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতায় নিরাপত্তা’ প্রত্যয় নিয়ে দেশজুড়ে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে আলোচনা করা হয়। একই সাথে জেলার ১১টি উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের কাজ সুসম্পন্ন হয়।
বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও অ্যাডভোকেট এ কে এম ফজলে মাহমুদ চাঁদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিকতা ও নামাজ-বন্দেগির প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্য হাঙ্গার প্রজেক্টের আছির উদ্দিন, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি মো. মাফুজুর রহমান এবং গণকণ্ঠের ধামইরহাট প্রতিনিধি মোসেকুল ইসলাম। জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোকছেদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির আহ্বান জানান। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সীমান্ত এলাকার ঐতিহাসিক স্থানে এ আয়োজন সফল হওয়ায় আনন্দ প্রকাশ করেন আগত সাংবাদিকরা।