খেলাধুলাকে শুধু শখ বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সম্মানজনক ও অর্থনৈতিকভাবে নিরাপদ পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাগুরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।
মাগুরা সদর থানার আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন দলের পাশাপাশি অংশ নিয়েছে ৫ নম্বর হাজরাপুর ইউনিয়ন পরিষদ কাবাডি দল।
প্রতিযোগিতার সূচনা পর্বেই অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে হাজরাপুর ইউনিয়ন কাবাডি দল ইতোমধ্যে ২৮ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকায় এগিয়ে রয়েছে। দলের এই চমৎকার পারফরম্যান্সে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
হাজরাপুর ইউনিয়ন কাবাডি দলের সার্বিক দিকনির্দেশনা ও খেলোয়াড়দের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছেন ৫ নম্বর হাজরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান। দলটির কোচ হিসেবে মো. শাহীম মিয়া এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী সোলাইমান।
ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্টরা মনে করছেন, মাগুরা সদর থানার এই আয়োজন স্থানীয় পর্যায়ে লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের তারকা হিসেবে বিকশিত হতে সহায়তা করবে। একই সাথে তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে দেশীয় ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।