সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের অন্তর্গত মুলকান্দি দশখাদা হাটখোলা মাঠে এক বিশেষ আইনশৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলকুচি থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান লক্ষ্য ছিল এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ মাদক, জুয়া, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধ করা।
বেলকুচি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ভুট্টোর সভাপতিত্বে এবং মোঃ সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমাম জাফর।
পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান ওসির:
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ ইমাম জাফর বলেন, “পুলিশ জনগণের সেবক, তাই পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহয়তা করুন। আপনাদের এলাকার সকল প্রকার অপকর্ম, মাদক, জুয়া, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ এবং ইভটিজিং রোধে পুলিশকে দ্রুত তথ্য জানান। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহিষ্ণুতা) নীতি জারি করেছে। তাই আসুন আমরা সবাই মিলে মাদককে ‘না’ বলি এবং একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত বেলকুচি গড়ে তুলি।”
অপরাধীদের কোনো রাজনৈতিক আশ্রয় নয়— গোলাম আজম:
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র অন্যতম সদস্য মোহাম্মদ গোলাম আজম। তিনি তাঁর বক্তব্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “বেলকুচি ইউনিয়নে কোনো মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী এবং অস্ত্রধারী সন্ত্রাসীকে বরদাশত করা হবে না। যদি কেউ মাদক কারবারিদের প্রশ্রয় দেয়, তবে তার বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে— সে যেকোনো দলের যত বড় প্রভাবশালী নেতাই হোক না কেন।”
তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশে আরও বলেন, “স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া শুধু পুলিশের পক্ষে এলাকাকে মাদক ও অপরাধমুক্ত করা সম্ভব নয়। তাই সুন্দর সমাজ গঠনে পুলিশকে নির্ভয়ে তথ্য দিন।”
উপস্থিত অতিথিবৃন্দ:
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, বেলকুচি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া শামীম, বেলকুচি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হেনা ফকির, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ওসমান দেওয়ান, সাবেক সহ-সভাপতি মোঃ নুর হোসেন প্রামাণিকসহ বেলকুচি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।