কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা আইনজীবী সমিতির নেতাদের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ আলোচনা সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার যৌথভাবে এই অবস্থানের কথা ব্যক্ত করেন।
উক্ত সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্তকরণ এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আইনজীবী না দাঁড়ানোর ফলে বিচারে কোনো আইনি জটিলতা তৈরি হবে কি না—এমন প্রশ্নের জবাবে সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ জানান, “আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মৌখিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে স্থানীয় কোনো আইনজীবী আসামিদের পক্ষে লড়বেন না। তবে বিচারে যেন নিরপেক্ষতা অক্ষুণ্ন থাকে, সেজন্য রাষ্ট্র নিজেই আসামিপক্ষে আইনজীবী নিয়োগ করবে। কারণ একতরফা বিচারে ন্যায়বিচার ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে।”