দিনাজপুরের বিরলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যমান উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় বিনামূল্যে স্বাস্থ্যসম্মত সেমিপাকা ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং ‘মমতা পল্লী উন্নয়ন সংস্থা’র আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে ১ নম্বর আজিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে স্থানীয় মোছাঃ লায়লার বাড়ির সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচিলাপুকুর ও দেবীপুর গ্রামের ১৭ জন উপকারভোগী পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব সেমিপাকা ল্যাট্রিন বিতরণের উদ্বোধন করেন আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিটন আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ লিটন আলী বলেন, “বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে মমতা পল্লী উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে, যা প্রশংসার দাবিদার। পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের ফলে প্রান্তিক পরিবারের সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি নানা সংক্রামক রোগব্যাধি থেকে রক্ষা পাওয়া যাবে। এতে সাধারণ মানুষের চিকিৎসা খরচ কমবে এবং পরিবারগুলোতে স্বচ্ছলতা আসবে।” তিনি সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলীকে এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিমপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ মেহেদী হাসান সাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী পরিবারের সদস্যরা।