কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গেট সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুটি মহিষের গাড়ি ও একটি দোকানঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ড্রাম ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে জখম হয়েছে তিনটি মহিষ।
রবিবার (১৬ আগস্ট ২০২৬) ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে ট্রাকটি সড়কের পাশের গাছে আটকে যাওয়ায় অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি ও বসতবাড়ির ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন স্থানীয় পথচারী ও বাসিন্দারা।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, ভোররাতে বিপরীত দিক থেকে আসা দুটি মহিষের গাড়িকে একটি দ্রুতগতির ড্রাম ট্রাক সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক সংলগ্ন মহররম নামের এক স্থানীয় বাসিন্দার বাড়ির পাশে নিম গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে আটকে যায়। দুর্ঘটনার প্রচণ্ডতায় সড়কের পাশের একটি দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয় এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মহিষের গাড়ির মালিক ডাবলু ও তার ছেলে জানান, ড্রাম ট্রাকের চালক ঘুম চোখে এলোপাতাড়িভাবে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ সামনে মহিষের গাড়ি চলে আসায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সরাসরি গাছে আঘাত করে এবং তাদের দুটি গাড়ি ও তিনটি মহিষ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ মোঃ আব্দুস সালামের নির্দেশনায় পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ঘাতক ট্রাকের মালিক জুমিয়াদহ টলটলিপাড়ার বাসিন্দা মোঃ মিজানুর রহমান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ক্ষতিপূরণ প্রদান ও বিষয়টি সশরীরে নিষ্পত্তির লক্ষ্যে আলোচনা চলছে।