কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পূর্বনির্ধারিত স্থান ‘নালিয়ার দোলা’তেই চূড়ান্ত ও নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন দুই শতাধিক স্থানীয় অধিবাসী। পরবর্তীতে তাঁরা কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপি প্রদান করেন।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল ১০টায় কুড়িগ্রাম শহরতলি এলাকার নালিয়ার দোলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সংবাদ সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর জাতীয় সংসদে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল পাস হয়। বিল পাসের পর তৎকালীন জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কুড়িগ্রাম শহরতলির নালিয়ার দোলায় ক্যাম্পাসের স্থান চূড়ান্ত করা হয় এবং প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। তবে সম্প্রতি একটি স্বার্থান্বেষী রাজনৈতিক মহল নিজেদের সুবিধা অর্জনে নির্ধারিত স্থান পরিবর্তন করে অন্য জায়গায় বিশ্ববিদ্যালয় স্থাপনের চক্রান্ত করছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, নালিয়ার দোলা এলাকাটি কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। কারণ এটি কুড়িগ্রাম শহরতলিতে অবস্থিত এবং এখানে পর্যাপ্ত সরকারি খাস জমি রয়েছে। পাশাপাশি সড়ক, রেল ও নৌ যোগাযোগের যেমন চমৎকার সুবিধা রয়েছে, তেমনি পার্শ্ববর্তী বিভাগীয় শহর রংপুরের সাথেও যোগাযোগব্যবস্থা বেশ সহজ।
বক্তারা সরকারের নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের কুচক্রী মহলের ষড়যন্ত্রে যেন চূড়ান্তকৃত স্থান পরিবর্তন করা না হয়। স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।