গাজীপুরের কালীগঞ্জবাসীর রাজধানী ঢাকা ও টঙ্গীতে যাতায়াত সহজ, নিরাপদ ও আরামদায়ক করতে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘কেটিএল (KTL)’ বাস সার্ভিস। কালীগঞ্জের দেওপাড়া ফেরিঘাট থেকে টঙ্গী হয়ে রাজধানী ঢাকার গুলিস্তান পর্যন্ত এই বাস সার্ভিস চলাচল করবে।
সোমবার (৩ আগস্ট ২০২৬) সকালে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া ফেরিঘাট এলাকায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন এই বাস সার্ভিসের উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, “মহাসড়কে তিন চাকার অনিরাপদ ও অবৈধ যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের যাতায়াতে যে সাময়িক ভোগান্তি তৈরি হয়েছিল, তা দূর করতেই এই বাস সার্ভিস চালু করা হলো। এই গণপরিবহনগুলো আমাদের নিজস্ব সম্পদ; তাই রাস্তায় চলাচলের সময় এগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ ও সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম জানান, মহাসড়কে সিএনজি, অটোরিকশা ও ইজিবাইক চলাচলের কোনো সুযোগ নেই, এগুলো কেবল শাখা রোড বা আঞ্চলিক সড়কে চলাচল করবে। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মহাসড়ক বা শাখা রোডে চলাচলকারী এসব ছোট যানবাহন থেকে কেউ কোনো ধরনের চাঁদা আদায় করতে পারবে না। চাঁদাবাজির কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে ২০টি বাস দিয়ে এই রুটে সার্ভিস শুরু হচ্ছে। পরবর্তীতে যাত্রীদের চাহিদা বিবেচনা করে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নায়েবুর রহমান মাসুদ (ভিপি), স্থানীয় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।