শিক্ষার্থীদের অসন্তোষ ও দাবির পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সমাবর্তনের ফি দেড় হাজার টাকা কমিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। পুনর্নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, স্নাতক (অনার্স) ডিগ্রিধারীদের জন্য সমাবর্তন ফি ৪ হাজার টাকা এবং স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রিধারীদের জন্য ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপাচার্যের সভাকক্ষে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স ডিগ্রিধারীদের সমাবর্তন ফি ৩ হাজার ৫০০ টাকা এবং সনদ ফি ৫০০ টাকাসহ মোট ৪ হাজার টাকা। অন্যদিকে, মাস্টার্স ডিগ্রিধারীদের সমাবর্তন ফি ৪ হাজার টাকা ও সনদ ফি ৫০০ টাকাসহ মোট ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রফেশনাল ও সান্ধ্যকালীন কোর্সের সনদধারীদের ফি অপরিবর্তিত থাকছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন বলেন, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ফি কমানো হয়েছে। উপাচার্যের সভাকক্ষে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এর আগে প্রথম সমাবর্তনে স্নাতক ডিগ্রিধারীদের সনদসহ ৫ হাজার ৫০০ টাকা এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ৬ হাজার ৫০০ টাকা ফি দিতে হয়েছিল। দ্বিতীয় সমাবর্তনেও ফি নির্ধারণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ফি কমানোর বিষয়ে সক্রিয় হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। জকসু নেতাদের অভিযোগ, সমাবর্তনের ফি নির্ধারণের প্রক্রিয়ায় নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়নি।
পরে জকসু ও শিক্ষার্থী প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেন। এসব আলোচনায় ফি কমানোর আশ্বাস দেওয়ার পর সোমবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।