লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর থেকেই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ফল প্রকাশের পর ভুক্তভোগী প্রার্থীরা অভিযোগ তুলেছেন, মেধা ও যোগ্যতার মূল্যায়ন না করে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতিকে প্রাধান্য দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী ও বঞ্চিত প্রার্থীদের দাবি, তারা আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করে লিখিত ও মৌখিক পরীক্ষায় যথেষ্ট ভালো ফলাফল করা সত্ত্বেও চূড়ান্ত তালিকায় স্থান পাননি। তাদের অভিযোগ, উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা থাকার পরও রাজনৈতিক পরিচয় এবং স্থানীয় প্রভাবশালী মহলের গোপন সুপারিশের ভিত্তিতেই সিংহভাগ পদের তালিকা তৈরি করা হয়েছে।
ফলাফল প্রকাশের পর থেকেই উপজেলার তরুণ ও শিক্ষিত বেকারদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, একটি জাতীয় গুরুত্বপূর্ণ শুমারির কাজে শুরুতেই যদি এমন অনিয়ম করা হয়, তবে তা শুমারির মূল লক্ষ্য ও তথ্যের নির্ভুলতাকে প্রশ্নবিদ্ধ করবে। তাই পুরো নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন বঞ্চিত প্রার্থীরা।
তবে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।