অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সিলেটের বালাগঞ্জের দারুল উলুম সোনাপুর রুপাপুর মাদরাসার হিফজ বিভাগ ও বোডিংয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছে শাহ আইনউল্লাহ ওয়েলফেয়ার সোসাইটি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) মাদরাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই মানবিক সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
সম্পাদিত দুই বছর মেয়াদি চুক্তি অনুযায়ী, মাদরাসার আবাসিক শিক্ষার্থীদের সাধারণ অসুস্থতা, জ্বর, মাথাব্যথা, ছোটখাটো আঘাত, কাটা-ছেঁড়াসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য সমস্যায় বিনামূল্যে চিকিৎসা সামগ্রী ও সহায়তা দেওয়া হবে। কোনো শিক্ষার্থীর গুরুতর অসুস্থতা বা জরুরি মুহূর্তে হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন হলেও সোসাইটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী ও সোসাইটির অন্যতম উদ্যোক্তা শাহ রাবেল রাহী বলেন, “আবাসিক মাদরাসার শিক্ষার্থীরা অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে মাওলানা মুজাম্মিল আলীর পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সোনাপুর পুরাতন জামে মসজিদের সেক্রেটারি মতছির আলী মুন্না, আলকাওছার ইসলামী যুব সমাজের সভাপতি বিলাল আহমদ তালুকদার, মাওলানা হুসাইন আহমদ আওলাদ, সাংবাদিক আতাউর রহমান কাওছার, শাহ আইনউল্লাহ ওয়েলফেয়ার সোসাইটির সদস্য রুবেল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।