একসময় দিন এনে দিন খাওয়া সাধারণ এক ট্রলি চালক ছিলেন নাসির উদ্দীন নয়ন ওরফে ‘নয়ন ডাঃ’। কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি এখন রাজশাহীর গোদাগাড়ীর শীর্ষ মাদক কারবারি, প্রভাবশালী ভূমিদস্যু ও অঢেল সম্পদের মালিক। প্রশাসনের তথাকথিত ‘সোর্স’ পরিচয়ের আড়ালে তিনি গড়ে তুলেছেন অপরাধের এক বিশাল সাম্রাজ্য।
গোদাগাড়ী উপজেলার সহরাগাছি গ্রামের মাজেদ আলী ওরফে ‘ডিসি মাজেদে’র ছেলে নয়ন ডাঃ স্থানীয় মাটিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত সীমান্ত পেরিয়ে আসা কেজি কেজি হেরোইনের চালানের মূল নিয়ন্ত্রকদের একজন এই নয়ন। ভারতে অবস্থানরত মূল মাদক কারবারিদের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে তার। ভাতিজা বাবু মেম্বার ও ভাগ্নে জসিমের সমন্বয়ে গড়ে তোলা নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকের চালান পৌঁছে দেন তিনি। মূল সব কাজ ভাগ্নে-ভাতিজা সামলালেও মূল হোতা নয়ন ডাঃ থাকেন সবসময় ধরাছোঁয়ার বাইরে।
মাদকের অবৈধ আয়ে হঠাৎ ‘আঙুল ফুলে কলাগাছ’ হওয়া নয়ন ডাঃ গড়ে তুলেছেন বেনামী সম্পদের পাহাড়। সহরাগাছি এলাকায় প্রায় ৬ বিঘা ধানী জমিসহ সম্প্রতি উচলপাড়া এলাকায় নিজের নামে কিনেছেন আরও ৩ বিঘা জমি। তার বিরুদ্ধে সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের তহবিল তছরুপ এবং সাধারণ মানুষের জমি দখলেরও অভিযোগ রয়েছে।
প্রভাবশালীদের ছায়ায় থেকে নয়ন ডাঃ-এর এই বিলাসী জীবনযাপন ও সমাজ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অবিলম্বে এই মাদক সিন্ডিকেট ভেঙে দিয়ে নয়ন ডাঃ-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।