বগুড়ার শিবগঞ্জ পৌরসভা ও আমতলী বাজারের বিভিন্ন ওষুধের দোকানে অনিয়মের দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে পৌরসভা ও আমতলী বাজারের বেশ কিছু ওষুধের দোকান পরিদর্শন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিদর্শনকালে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, চিকিৎসকের বিনামূল্যে বিতরণের স্যাম্পল ওষুধ বিক্রির জন্য রাখা এবং ফ্রিজে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখার প্রমাণ মেলে। এসব অপরাধে ড্রাগ অ্যাক্ট অনুযায়ী পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়।
অভিযানে বগুড়া ওষুধ প্রশাসনের কর্মকর্তা জেসমিন বেগম ও শিবগঞ্জ থানা পুলিশ সহায়তা প্রদান করে।
অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। তিনি জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ফার্মেসিগুলোতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।