খুলনার দৌলতপুর থানার নতুন রাস্তার মোড় এলাকায় এনা পরিবহনের কাউন্টারে এক স্টাফকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলা চালিয়ে কাউন্টারের ক্যাশ বাক্স থেকে মোটা অঙ্কের টাকা লুটে নিয়েছে তারা।
আজ রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় নতুন রাস্তার মোড় সংলগ্ন এনা পরিবহনের কাউন্টারে এই নৃশংস ঘটনা ঘটে। আহত স্টাফের নাম ইমন। তিনি খুলনার ঐতিহ্যবাহী বিএল কলেজের শিক্ষার্থী এবং দিঘলিয়া উপজেলার বাসিন্দা।
যোগদানের প্রথম দিনেই নৃশংসতা:
এনা পরিবহনের কর্মকর্তারা জানান, আহত ইমন আজ রবিবারই প্রথম দিন স্টাফ হিসেবে কাউন্টারে যোগদান করেছিলেন। চাকুরির প্রথম দিনেই তিনি এমন ভয়াবহ ও নৃশংস হামলার শিকার হলেন। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ঘটনাস্থল পরিদর্শন ও পুলিশের বক্তব্য:
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাগরিবের নামাজের সময় কাউন্টারের ম্যানেজার নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে কাউন্টারে ফিরে তিনি ইমনকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।
ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ওসি আরও জানান, পুলিশ বর্তমানে ঘটনাস্থলে থেকে আলামত সংগ্রহ ও তদন্ত কাজ চালাচ্ছে। কাউন্টারের ক্যাশ বাক্স থেকে কত টাকা খোয়া গেছে তা নিরূপণের চেষ্টা চলছে। তদন্ত শেষে এবং জড়িতদের শনাক্ত করার পর বিস্তারিত তথ্য জানানো হবে।