রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে একটি শপিং ব্যাগ থেকে ককটেল সদৃশ একাধিক বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে বাটা সিগন্যাল থেকে নিউমার্কেটমুখী সড়কের পাশ থেকে এ বস্তুগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে মাস্ক পরা কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটির ভেতর লাল টেপে মোড়ানো বস্তু দেখে স্থানীয়রা আতঙ্কে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করে। বর্তমানে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা উদ্ধার করা বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।