ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ এবং পরবর্তীতে সেবা না দিয়ে হয়রানির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ডিএসসিসির অঞ্চল-৪-এর কর কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠি সূত্রে জানা যায়, ওই দিন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ডিএসসিসির যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভূট্টো এই অভিযোগ তোলেন। তিনি জানান, গত ২৩ ও ২৪ জুনের অনস্পট ট্রেড লাইসেন্স ক্যাম্পে অভিযুক্ত সুপারভাইজার ২২টি ট্রেড লাইসেন্স নবায়নের জন্য নগদ অর্থ গ্রহণ করেন। তবে দেড় মাসের বেশি সময় পার হলেও লাইসেন্স নবায়ন না করে তিনি সময়ক্ষেপণ ও তালবাহানা করে আসছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম অভিযোগ শোনামাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত কর্মকর্তা মোস্তফা নূরউদ্দিন আহমেদকে অব্যাহতি প্রদান করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।