সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের অংশ হিসেবে খুলনার দিঘলিয়া উপজেলার ৩ নং সুগন্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (স্থাপিত-১৯৪১) ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাহিদের নিজস্ব অর্থায়নে এ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির আওতায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে আমসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাদিয়া আফরিন, সহকারী শিক্ষিকা ফিরোজা খাতুন, মোছা. আফরোজা খানম, রওশনারা বিথী, তানিয়ার রহমান তৃপ্তি এবং সহকারী শিক্ষক মাহমুদুল হাসান ও মো. শামসুদ্দিন সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও বিশিষ্ট সমাজসেবক মোল্লা মাকসুদুল ইসলাম ও স্বেচ্ছাসেবী আসাদুজ্জামান আশাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এ ধরনের চারা বিতরণ প্রশংসনীয় ভূমিকা রাখবে।
ইঞ্জিনিয়ার জাহিদ বলেন, “আজকের একটি চারাগাছ আগামী দিনের সবুজ ভবিষ্যতের ভিত্তি। আমাদের লক্ষ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সবুজ ও সুন্দর করে গড়ে তোলা।”
এলাকাবাসী ও শিক্ষক সমাজ প্রার্থীর এমন সামাজিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করে তাঁর ভবিষ্যৎ সামাজিক কর্মকাণ্ড ও নির্বাচনী সাফল্যের জন্য শুভকামনা জানান।