খুলনার দিঘলিয়া উপজেলার বাওয়ালি ঘাট এলাকায় সরকারি গুচ্ছগ্রাম প্রকল্পের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীর বাঁধ কেটে অবৈধভাবে ঘেরে পানি ঢোকানোর মারাত্মক অভিযোগ উঠেছে। ভরা বর্ষায় এভাবে নদীর বাঁধ কাটায় সরকারি আবাসন প্রকল্প এবং পাশের শিল্প প্রতিষ্ঠান মারাত্মক ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর পাড় কেটে পানি ঘেরে ঢোকানো হচ্ছে। ভৈরব নদীতে ভারী নৌযান চলাচলের কারণে সৃষ্টি হওয়া প্রবল ঢেউয়ের তোড়ে বাঁধের একাংশ এরই মধ্যে ভেঙে গেছে এবং ঘোলা পানি প্লাবিত করছে নিম্নাঞ্চল।
এই চরম অনিয়মের ফলে বাঁধের পাশেই অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের বাওয়ালি ঘাট গুচ্ছগ্রামের শত শত ভূমিহীন পরিবার প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি পাশের স্বনামধন্য মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠান “সেভফুড”-এর বড় কারখানাও হুমকির মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষায় এভাবে বেআইনিভাবে বাঁধ কাটা হলেও প্রশাসন কেবল মৌখিক সতর্কতা দিয়েই ক্ষান্ত হয়, ফলে কার্যকর কোনো সমাধান মিলছে না। নদী রক্ষা ও কোটি টাকার সরকারি প্রকল্প রক্ষায় দ্রুত অবিনাশী নদীর বাঁধ মেরামত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।