ঢাকা-১৫ আসনের বাসিন্দাদের দীর্ঘদিনের তীব্র পানি সংকট নিরসনে স্থানীয় বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। সোমবার (১১ মে) রাতে অনুষ্ঠিত এই সভায় তিনি ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সভায় মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও কাফরুল এলাকার বাসিন্দারা জানান, পানির অভাবে তাদের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমনকি দৈনন্দিন মৌলিক প্রয়োজন মেটানোর মতো পানিও পাওয়া যাচ্ছে না। এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেন যে, একটি স্বার্থান্বেষী মহল হীন উদ্দেশ্যে এলাকায় কৃত্রিম সংকট সৃষ্টি করছে।
জনগণের কথা শোনার পর ডা. শফিকুর রহমান বলেন, “আমি ইতোমধ্যেই ওয়াসার এমডির সাথে এ বিষয়ে কথা বলেছি। এছাড়া জাতীয় সংসদে পানির এই তীব্র সংকটের কথা তুলে ধরলে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই এলাকার সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন।” তিনি আরও দৃঢ়তার সঙ্গে বলেন, এই অঞ্চলের প্রতিটি সমস্যা সমাধানে তিনি জনগণের পাশে থাকবেন।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী উত্তরের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার বাড়ি মালিক সমিতির সভাপতি ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।