নেত্রকোণার কলমাকান্দায় কবরস্থানের জমি ও ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার রংছাতী ইউনিয়নের আমঘড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমঘড়া এবং পুলিয়া পানেশ্বরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে একটি কবরস্থানের জমি ও ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দীর্ঘদিন ধরে উভয় গ্রামের মানুষই ওই কবরস্থানে দাফন-কাফন সম্পন্ন করে আসছিলেন। সম্প্রতি ওই কবরস্থানের পাশে বাজার নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা দেখা দেয়। এর জেরে শুক্রবার সকালে দুই গ্রামের শত শত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট-পাটকেল নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এম এম এস মাটি জানান, দুপুর দেড়টা পর্যন্ত সংঘর্ষে আহত ৫৬ জন রোগী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। তাদের মধ্যে ৬ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কবরস্থানের জমি নিয়ে পূর্ববিরোধের জেরেই এ সংঘাতের সূত্রপাত ঘটে। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় নতুন করে সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।