মাদারীপুরে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর নতুন জেলা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৬ আগস্ট) জেলা শহরের খাগদী এলাকায় অবস্থিত ‘খানকায়ে নেছারিয়া ছালেহীয়া কমপ্লেক্স’-এ এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মাওলানা মুফতী মোহাম্মদ আবু ওয়াক্কাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মো. ওসমান গনি।
আয়োজকরা জানান, উক্ত সম্মেলনে মাদারীপুরের বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মী, ছারছীনা দরবার শরীফের অনুসারী ও সাধারণ শিক্ষার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশ নেন। সম্মেলন শেষে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ও আদর্শিক বিকাশ, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণ সমাজকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্মেলনের সমাপনী পর্বে নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির সকল সদস্যকে উপস্থিত সুধীজন ও নেতাকর্মীরা অভিনন্দন জানান। পরিশেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য, দেশ-জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।