“মাদক ব্যবসায়ীদের জন্য বুড়িচং-ময়নামতির মাটি সম্পূর্ণ নিষিদ্ধ; যারা এই অন্ধকার জগতে জড়িয়ে পড়েছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না”— এমন কঠোর হুঁশিয়ারির মধ্য দিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সাবের বাজারে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা।
সোমবার বিকেলে ময়নামতি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, বিভিন্ন অঙ্গসংগঠন, স্থানীয় সুশীল সমাজ এবং ‘জাগ্রত বিবেক’ সংগঠনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ত্রাণ সম্পাদক শামসুল আলম ব্যাপারী।
সভায় বক্তারা স্পষ্ট বার্তা দিয়ে জানান, মাদকের শেকড় উপড়ে ফেলতে প্রশাসন ও জনগণ এক হয়ে কাজ করবে। কোনো অপরাধীকে দলীয় বা সামাজিক আশ্রয় দেওয়া হবে না। একই সাথে মাদক কারবারিদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করা এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করার জোরালো আহ্বান জানানো হয়।
সাবের বাজারে আয়োজিত এই সুবিশাল র্যালি ও সমাবেশ পুরো ময়নামতি অঞ্চলে ব্যাপক আলোড়ন ও সচেতনতা সৃষ্টি করেছে।