দিনাজপুরের বিরামপুরে শ্রীপুর ব্রিজের মাত্র ১০০ মিটার দূরত্ব থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে, যা সেতুটির স্থায়িত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে।
ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেষ সীমান্তে শ্রীপুর ব্রিজসংলগ্ন এলাকায় ড্রেজার বসিয়ে কয়েকদিন ধরে এই বালু তোলা হচ্ছে। বালুমহালের দায়িত্বশীলদের দাবি, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীর নির্দেশেই এই বালু তোলা হচ্ছে।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা শফিকুল আলম মামুন বলেন, “নদীর ভাঙন রোধে ব্লক তৈরির কাজের জন্যই সেখান থেকে বালু তোলা হচ্ছে। কাজের বালু কি সৌদি বা দুবাই থেকে আনব? সবাই যেভাবে করছে, আমরাও করছি।”
তবে এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং ওই স্থানে আর বালু তুলতে দেওয়া হবে না। এদিকে ব্রিজের কাছ থেকে বালু তোলায় স্থানীয়রা সেতুর ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন এবং উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের নাম জড়ানোয় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কথা জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।