মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। চলতি বছরের প্রথম নয় মাসে দেশজুড়ে ১০ হাজার ৩৭৪টি অভিযানে ৩৭ হাজার ৩১৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে মোট ১ লাখ ৩৭ হাজার ৬০৩ জনকে পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ৩৭ হাজার ৩১৩ জনকে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার শুধু অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে অভিযান সীমাবদ্ধ রাখা হয়নি। অবৈধ অভিবাসীদের নিয়োগ, আশ্রয় কিংবা তাদের উপস্থিতি থেকে আর্থিকভাবে লাভবান হওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চলতি বছরের প্রথম নয় মাসে এ ধরনের অভিযোগে ১ হাজার ৮০৯ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৬৯২ জনই মালয়েশিয়ার নাগরিক।
সাইফুদ্দিন বলেন, অবৈধ অভিবাসীদের আটক করার পাশাপাশি যারা তাদের নিয়োগ ও আশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি। কম খরচে শ্রম পাওয়ার জন্য অবৈধ শ্রমিক নিয়োগের প্রবণতা দীর্ঘদিন ধরে এ সমস্যাকে টিকিয়ে রেখেছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এ ধরনের ঘটনায় ৩৪৬ জন নিয়োগকর্তা গ্রেপ্তার হন। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে ১ হাজার ৮৫৯ জন এবং ২০২৫ সালে ২ হাজার ২০২ জনে দাঁড়ায়। ২০২৬ সালের প্রথম নয় মাসেই গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৮০৯ জন।