জনদুর্ভোগ লাঘবে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলের উদ্যোগে ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার অথবা আন্ডারপাস নির্মাণের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) একটি টেকনিক্যাল টিম ঈশ্বরদী রেলগেট এলাকা সরেজমিনে পরিদর্শন করে।
সকাল সাড়ে ১০টার দিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের টেকনিক্যাল সার্ভিসেস উইং, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা থেকে আসা প্রতিনিধি দলটি রেলগেট এলাকা ঘুরে দেখে। এ সময় ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের সম্ভাব্য স্থান, যানবাহন চলাচল, রেলগেটের অবস্থান এবং জনদুর্ভোগের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকারী দলের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম শফিকুজ্জামান। তাঁর সঙ্গে ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী খান মো. রাওহা।
এ সময় পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলের ব্যক্তিগত সহকারী (পিএস) মাহফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ঈশ্বরদী রেলগেট দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। ট্রেন চলাচলের সময় রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ থাকায় এলাকায় যানজট সৃষ্টি হয়। এতে যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়।
দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানে রেলগেটে ফ্লাইওভার অথবা আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।
সংশ্লিষ্টরা জানান, সম্ভাব্যতা যাচাই শেষে প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।