জাতীয় নিরাপদ সড়ক দিবসের বর্তমান তারিখ ২২ অক্টোবর পুনর্বিবেচনা করে ১১ জুলাই অথবা ২৯ জুলাই নির্ধারণের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন। এ দাবিতে সংগঠনটির পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।
নিরাপদ সড়ক আন্দোলন ২০১৮ সালের নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা ঐতিহাসিক ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত একটি নাগরিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ, গবেষণা, অ্যাডভোকেসি এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটির মতে, জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ এমন হওয়া উচিত, যা সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ, শিক্ষার্থী ও তরুণদের নিরাপত্তার অঙ্গীকার এবং নিরাপদ সড়কের দাবিতে ঐতিহাসিক নাগরিক-শিক্ষার্থী আন্দোলনের প্রতিফলন ঘটায়।
প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষার্থীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনায় ৪৫ জন নিহত হন।নিহতদের মধ্যে ৪৩ জনই ছিলেন শিক্ষার্থী। তাই ১১ জুলাইকে শিক্ষার্থী, তরুণ ও নাগরিকদের নিরাপত্তার গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে বিবেচনা করার দাবি জানিয়েছে তারা।
অন্যদিকে, ২০১৮ সালের ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়।
পরে তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ নাগরিক আন্দোলনে রূপ নেয়।
নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, “জাতীয় নিরাপদ সড়ক দিবসের মূল উদ্দেশ্য হওয়া উচিত সড়কে মানুষের জীবন ও নিরাপত্তার বিষয়টিকে সামনে রাখা।
তাই দিবসটির তারিখ নির্ধারণের ক্ষেত্রে দেশের সড়ক নিরাপত্তার ইতিহাস, রোড ক্র্যাশে নিহতদের স্মৃতি এবং নিরাপদ সড়কের দাবিতে গণমানুষের ঐতিহাসিক আন্দোলনকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।”
সংগঠনটির দাবি, ১১ জুলাই অথবা ২৯ জুলাইয়ের যেকোনো একটি তারিখ জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে নির্ধারণ করা হলে দিবসটি আরও অর্থবহ ও জনসম্পৃক্ত হয়ে উঠবে।
একই সঙ্গে সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ, শিক্ষার্থী প্রতিনিধি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারের সদস্য, নাগরিক সমাজ এবং সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনগুলোর মতামত নেওয়ার আহ্বান জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন।
সংগঠনটি আশা করছে, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ পুনর্নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।