দেশের বিভিন্ন স্থানে আগামী দুদিন বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে সাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।
এ কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।বৃহস্পতিবার আবহাওয়াবিদ বজলুর রশীদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থলভাগে উঠে আসার প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে।
রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়ও বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি। পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলমান বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এরপর শনিবার থেকে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী প্রায় এক সপ্তাহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রাও বাড়তে পারে।
সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারসহ সংশ্লিষ্টদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।