‘আখচাষী বাঁচাও, মিল বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে ২০২০ সালে উৎপাদন স্থগিত হওয়া ঐতিহ্যবাহী কুষ্টিয়া সুগার মিল পুনরায় চালু করার দাবিতে এক বিশাল আখচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে কুষ্টিয়া সুগার মিলের প্রধান ফটকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া ও পার্শ্ববর্তী এলাকার হাজারো আখচাষী এবং মিলের কর্মচারীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে অবিলম্বে কুষ্টিয়া সুগার মিল চালু করে চাষীদের বকেয়া পরিশোধ এবং স্থানীয় অর্থনীতিতে গতি ফেরানোর দাবি জানান।
বক্তারা বলেন, সুগার মিলটি বন্ধ হওয়ার পর থেকে এলাকার হাজার হাজার আখচাষী ও শ্রমিক পরিবার চরম মানবিক ও অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছেন। মিলটি পুনরায় চালু হলে এই অঞ্চলের কৃষি ও শিল্পের বিকাশ ঘটবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।
সমাবেশে আখচাষী নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ মিল চালুর জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।