টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় অঙ্কে বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে নতুন এই দর সারা দেশে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা, যা গতকাল বুধবার ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৬ ৯০ টাকায় এবং ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
বৃহস্পতিবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে স্বর্ণের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে রুপার দামও। নতুন রেট অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।