‘কাজল রেখা’ ও ‘নীলচক্র’ সিনেমা দিয়ে দর্শকের নজর কাড়া জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী আবারও বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। প্রায় এক বছর ধরে রুপালি পর্দার আড়ালে থাকলেও অভিনয় থেকে দূরে যাননি তিনি। নিজেকে আরও পরিপক্ব ও প্রস্তুত করতে বর্তমানে নিয়মিত অভিনয় চর্চা ও ওয়ার্কশপ চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।
বর্তমানে মন্দিরার হাতে দুটি নতুন সিনেমা রয়েছে, যার একটির শুটিং চলতি বছর এবং অন্যটির কাজ আগামী বছর শুরু হওয়ার কথা। ছবিগুলোর চুক্তি ও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিস্তারিত জানাতে আপত্তি প্রকাশ করে মন্দিরা জানান, “নিষেধ আছে। আনুষ্ঠানিকভাবেই সবকিছু ঘোষণা দেওয়া হবে।”
চরিত্রের প্রয়োজনে নিজেকে শানিয়ে নিতে নিয়মিত ক্লাস ও ওয়ার্কশপ করছেন মন্দিরা। তিনি বলেন, “আমি এখন নিয়মিত অভিনয়ের ওপর ওয়ার্কশপ করি। আগে এত করতাম না, কিন্তু এখন প্রতি মাসেই ক্লাস করছি।”
পর্দার ব্যস্ততার বাইরে অবসর সময়ে বই পড়তেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অভিনেত্রী। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৌকাডুবি’ উপন্যাস শেষ করেছেন। তবে কবিগুরুর ‘চোখের বালি’ তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে এ ধরনের সাহিত্যনির্ভর গল্প নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহ থাকাটা আগে জরুরি।”
দেশের সামগ্রিক পরিস্থিতি এবং নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্দিরা জানান, সাধারণ মানুষ ও নারীদের সুরক্ষাকে সরকারের সবসময় অগ্রাধিকার দেওয়া উচিত। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় নারী শিল্পীদের উদ্দেশ্যে আসা নেতিবাচক মন্তব্য নিয়ে এখন আর মাথা ঘামান না মন্দিরা; বরং মন্তব্যের মাধ্যমে মানুষের মানসিকতা ফুটে ওঠে বলে মনে করেন তিনি।